গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগে ধৃত ৪
দি নিউজ লায়ন ; চার জনকে গাঁজার কারবারে জড়িত থাকার অভিযোগে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জামিরুল শেখ, মণিরুল শেখ, আব্বাস শেখ ও সমীর বাগদি। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরে সমীরের বাড়ি। মন্তেশ্বর থানার কাঞ্চনডাঙায় আব্বাসের বাড়ি। বাকিদের বাড়ি কালনা থানার রসুলপুরে। পুলিস জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মেমারি-মালডাঙা রোডে ঝিকড়া মোড়ের কাছে একটি যাত্রী প্রতীক্ষালয়ে ওই ৪ জন জড়ো হয়েছিল।
খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে তাদের ধরে। ধৃতদের কাছে থাকা একটি নীল রঙের বস্তা থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় বলে পুলিসের দাবি। ধৃতরা দীর্ঘদিন ধরে গাঁজার কারবারে জড়িত বলে পুলিস জানিয়েছে। বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে মেমারি ও আশপাশ এলাকায় তারা সরবরাহ করে বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। বুধবার ধৃতদের বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে পেশ করা হয়।
আরও গাঁজা উদ্ধারের জন্য এবং কারবারে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন মাদক আদালতের বিচারক।

Post a Comment